ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে কোনো নির্যাতন বা আঘাত করা হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

নথি চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেফতার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে কোনো নির্যাতন বা আঘাত করা হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোজিনাকে ৫ কিংবা ৯ ঘণ্টা নয়, আধা ঘণ্টা আটকে রেখে পুলিশের হাতে স্থানান্তর করা হয়েছিল। এ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও জানেন। এছাড়া তাকে আটকে রেখে কোনো ধরনের নির্যাতন বা আঘাত করা হয়নি। একজন অ্যাডিশনাল সেক্রেটারি, দুইজন ডেপুটি সেক্রেটারি মহিলা ওখানে ছিলেন। তার সাথে প্রাথমিকভাবে ডিল করেছে।‘পরবর্তী সময়ে পুলিশকে বলা হয়েছে। তারপরে এই ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটেছে।’


মন্ত্রী বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা আপনাদের সাথে কোঅপারেট করে কাজ করছি। আমার দরজার সামনেই সাংবাদিকরা দাঁড়িয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি। যেখানে আপনারা দিয়েছেন আমরা সেখানেই কথা বলি‌। আমার পক্ষে যতটুক নেয়া সম্ভব রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে আমি সবটুকুই বলি।



সাংবাদিক রোজিনা ইসলাম ভ্যাকসিন সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির নথি সরাচ্ছিলেন বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘সচিবালয়ে ঢুকে রাষ্ট্রীয় এই নথি নেওয়ার প্রয়োজন ছিল না। ওখানে ঢোকারও কোনো প্রয়োজন ছিল না। আমি এতটুকু জানি…ওখানে কেউ উপস্থিতি ছিল না। বিভিন্ন লোকের মাধ্যমে যতটুকু শুনেছি এতটুকুই জানি।’


প্রশ্ন ছিল, ‘চুক্তিতে কী এমন কিছু আছে যাতে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়ে যাবে?’ জবাবে মন্ত্রী বলেন, ‘আপনি যখন ডিসক্লোজার ডকুমেন্ট সই করেন, সেটাকে যদি ভঙ্গ করেন, তাহলে আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ হবে না? আপনি ভায়োলেট করলেন।


‘ওই চুক্তির ভিত্তিতেই তো আপনাকে ভ্যাকসিন দেবে। সেই চুক্তি ভায়োলেট করলে তো আপনি ভ্যাকসিন পাবেন না। আমরা জনগণকে ভ্যাকসিন দিতে পারব না।’


এছাড়া বিভিন্ন সময়ে দুর্নীতিবিরোধী প্রতিবেদনের জন্য রোজিনাকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।


‘ঘটনাটার উপরে কথা বলতে হবে। সরকারি ডকুমেন্টস নিয়ে যাচ্ছে। ফাইন, শুধু নিয়ে যাচ্ছে। ছবি তুলছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি টিকা সংক্রান্ত ছিল। ট্রেড লেভেলে আমরা কমিটমেন্ট দিয়েছি এটা কোনো জায়গায় আমরা প্রকাশ করব না। সেগুলো যদি কেউ প্রকাশ করে তাহলে আমরা কি করতে পারি?’


এসময় সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে কোনো অন্যায় হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায়ের ব্যবস্থা আমরা নিব।’


‘স্বাস্থ্য মন্ত্রণালয় একজন অতিরিক্ত সচিব সিনিয়র সাংবাদিককে গলা চেপে ধরতে আমরা ভিডিওতে দেখেছি। এ বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘অতিরিক্ত সচিবের কাছে আমি শুনেছি। তিনি বলেছেন আমি তাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করিনি বরং তিনি (রোজিনা) আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।


‘তিনি (অতিরিক্ত সচিব) আরও জানান, আমি যখন তাকে আটকাতে চেষ্টা করেছি তখন আমাকে থাপ্পড় দিয়েছে; আমার গায়ে খামছি দিয়েছে। ওটাকে আটকাবার চেষ্টা করেছি। তার পরে তো পুলিশ চলে আসে। ঘণ্টার মধ্যে এরপর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো নির্দোষ লোক সাজা পাক এটা আমরা চাই। পরবর্তী সময়ে বাহাস হলে সত্য বের হয়ে আসবে।’


এর আগে পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑